মহাকাশে যুক্তরাষ্ট্রের একটি পুরনো গুপ্তচর স্যাটেলাইট রহস্যজনকভাবে বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার ফলে পৃথিবীর কক্ষপথে অবস্থানরত অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ও ইন্টারনেট স্যাটেলাইটগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর লো আর্থ অরবিট বা নিম্ন পৃথিবীর কক্ষপথে থাকা 'ইউএসএ ৩২' নামের স্যাটেলাইটটি হঠাৎ বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। ঠান্ডা যুদ্ধের সময় 'ফারাহ থ্রি কোড' নামে পরিচিত এই স্যাটেলাইটটি ১৯৮৮ সালে মহাকাশে পাঠানো হয়েছিল।
প্রায় ৩৮ বছর ধরে মহাকাশে অবস্থান করা এই মেয়াদোত্তীর্ণ স্যাটেলাইটটির বিস্ফোরণের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মহাকাশবিজ্ঞানী টনি ফিলিপসের পরিচালনাধীন স্পেসওয়েদার ডট কম জানিয়েছে, স্যাটেলাইটটির ভেতরে থাকা কোনো চাপযুক্ত ট্যাংক বা ব্যাটারি ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।
স্যাটেলাইটটি একটি ব্যস্ত কক্ষপথে অবস্থান করায় সেখানে থাকা মহাকাশ বর্জ্য বা কোনো উল্কাপিণ্ডের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই আশঙ্কা সত্যি হলে টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবা, জিপিএস নেভিগেশন, আবহাওয়া পূর্বাভাস এবং সামরিক যোগাযোগ রক্ষা করা স্যাটেলাইটগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে বিজ্ঞানী টনি ফিলিপস জানিয়েছেন, "ওই নির্দিষ্ট উচ্চতার চারপাশে আইরিস নেক্সট কনস্টেলেশনের সক্রিয় স্যাটেলাইটসহ দুই শতাধিক স্যাটেলাইট খুব কাছাকাছি অবস্থান করছে। যদি মহাকাশ বর্জ্যের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকে, তবে তা কক্ষপথের বাকি স্যাটেলাইটগুলোর জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।"
সিএনএন-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই গুপ্তচর স্যাটেলাইটটি কোনো অ্যান্টিস্যাটেলাইট অস্ত্রের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২১ সালে রুশ সামরিক বাহিনী একটি পুরনো সোভিয়েত স্যাটেলাইটকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছিল, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।