উচ্চশিক্ষার প্রত্যাশায় বিদেশে পাড়ি জমান অনেক শিক্ষার্থী। তবে স্বপ্নের রঙিন আবহে ভিনদেশে গিয়ে অনেক সময় এক ভিন্ন ও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁদের। প্রত্যাশার সঙ্গে বাস্তবের এই ব্যবধান অনেক ক্ষেত্রে বেশ প্রকট হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়াশোনা করছেন দিলশাদ আহমেদ। তাঁর অভিজ্ঞতার কথা বর্ণনা করে তিনি বলেন, “প্রথম কয়েক দিন যা দেখি নতুন লাগে। নতুন লাগাটা যেমন রোমাঞ্চকর ছিল, তেমনই দুশ্চিন্তার।” তবে সেখানে প্রবাসী বাঙালি এবং শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্ক থাকায় আসার পর থাকার জায়গা খুঁজে পেতে তাঁর খুব একটা বেগ পেতে হয়নি।
ভাষাগত দিক থেকে ইংরেজি নিয়ে কোনো সমস্যা না থাকলেও দিলশাদকে তীব্র ‘কালচার শক’-এর মোকাবিলা করতে হয়েছে। তিনি জানান, বাংলাদেশে থাকাকালীন সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তাঁর মনে যে ধারণা ছিল, বাস্তবে এসে দেখলেন তা সম্পূর্ণ আলাদা। স্থানীয় সংস্কৃতি এবং মানুষের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছে। শুরুতে তিনি এই চিন্তায় ভুগতেন যে, স্থানীয়রা তাঁকে নিয়ে কী ভাবছে। তবে সময়ের সাথে সাথে সবার সঙ্গে মিশে তাঁর সেই ভুল ধারণাগুলো কেটে যায়। এখন তিনি অনায়াসেই সবার সঙ্গে কথা বলতে পারেন এবং ইংরেজি বলার সময় সামান্য ভুল হলেও কেউ তা মনে করে না।
জীবনযাত্রার কথা বলতে গিয়ে তিনি জানান, এখানে ঘুমের কোনো নির্দিষ্ট রুটিন নেই; পড়াশোনা এবং কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ঘুমাতে হয়। শুরুতে রান্নায় তেমন দক্ষতা না থাকলেও অনেকবার খাবার পুড়িয়ে এখন তিনি রান্না শিখে ফেলেছেন। ব্যস্ততার কারণে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া সম্ভব হয় না অনেক সময়, তবে একবার অসুস্থ হয়ে পড়লে বেশ কষ্ট পোহাতে হয়। এখানকার মানুষগুলো বন্ধুসুলভ হলেও অত্যন্ত ব্যস্ত, ফলে দেশের মতো আড্ডা দেওয়ার সুযোগ এখানে নেই।
অন্যদিকে, কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইকের শিক্ষার্থী তাসমিম বিনতে করিমের অভিজ্ঞতা কিছুটা ভিন্ন। তিনি জানান, কানাডায় আসার শুরুর দিনগুলো বেশ সহজ ছিল কারণ পরিবারের সদস্যরা সেখানে থাকায় তিনি দ্রুত মানিয়ে নিতে পেরেছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হতেই সমস্যা দেখা দেয়। তাঁর ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি থাকার জায়গা নেওয়া, কিন্তু তা সম্ভব হয়নি। তিনি বলেন, “ভাড়া মিললে জায়গা পছন্দ হয় না, আবার জায়গা পছন্দ হলে ভাড়া মেলে না। কানাডায় এটা খুবই স্বাভাবিক।”
কানাডিয়ানদের বিনয়ী আচরণের কথা উল্লেখ করে তাসমিম বলেন, তারা কথায় কথায় প্রচুর ‘থ্যাংক ইউ’ এবং ‘সরি’ বলে। বাংলাদেশে থাকাকালীন ‘গুড মর্নিং’ বা ‘গুড নাইট’ বলার অভ্যাস না থাকলেও কানাডায় সবার সঙ্গে বিনয়ী হয়ে মানিয়ে চলতে হয়। কাজের ক্ষেত্রেও তিনি এক ধরণের পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, “যখন এসেছিলাম তখন কাজের ঘণ্টায় সরকারি সীমা ছিল না, অনেকের মতো আমারও কাজের প্রতি ঝোঁক বেড়ে গিয়েছিল। এখন সেটা নিয়মের মধ্যে আনা হয়েছে। ফলে কাজ যেমন কমেছে, আয়ও সমানভাবে কমে গিয়েছে।” এর ফলে যেকোনো খরচ করার আগে এখন তাঁকে দুইবার ভাবতে হয়।
আর্থিক চাপ নিয়ে তাসমিম জানান, আয়ের পর কর এবং বাসাভাড়া পরিশোধ করলে যা অবশিষ্ট থাকে, তা দিয়ে বাকি সব খরচ চালানো একটি বড় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পড়াশোনার পাশাপাশি কাজের মধ্যেই তিনি আনন্দ খুঁজে নিয়েছেন এবং কাজ করতে গিয়েই কানাডিয়ান সহকর্মীদের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে।