খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থীকে গাঁজাসহ আটকের পর সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী রিয়াজুস ছলেহীন, এস এম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল চলাকালে ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ব্যক্তিগত তল্লাশি চালানো হলে গাঁজা পাওয়া যায় বলে দাবি করেন ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই শাস্তি দেওয়া হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, "নিয়মিত টহল কার্যক্রমের সময় তিন শিক্ষার্থীকে আটক করে তাদের সঙ্গে মাদকদ্রব্য পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করেছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।"