কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি এলাকার মোছা. ফাতেমা আক্তার মিথিলা মনি কোকিলা (২৮) এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস মায়া (২৪)।
ঘটনার বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত ১টার দিকে ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় দাওয়াতুল হক তা'লীমুল কুরআন মাদরাসার পূর্ব পাশে মনির সরকারের বাড়ির সামনে দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর এসআই (নিঃ) রূপম কুমার সরকার ও এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশি টিম তাদের তল্লাশি করে। তল্লাশির সময় দেখা যায়, তারা বোরখার ভেতরে পেটের মধ্যে পেঁচিয়ে ১০ কেজি গাঁজা বহন করছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত এই দুই নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিপূর্বে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এই অভিযান প্রসঙ্গে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদক পাচার প্রতিরোধে আমাদের একাধিক টিম কাজ করছে। সে অভিযানের অংশে এ দুই নারীকেও গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সীামন্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”