কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় সম্মান বা গার্ড অব অনার ছাড়াই চিরনিদ্রায় শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮)। এই ঘটনায় তাঁর পরিবার এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দাফন প্রক্রিয়ার সময় উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় গার্ড অব অনার প্রদান সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানী ঢাকায় আব্দুস সাত্তার শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসরের পর তিনি তাঁর ছেলের সঙ্গে ঢাকায় অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় প্রথম জানাজা সম্পন্ন হওয়ার পর তাঁর মরদেহ গ্রামের বাড়ি মহালক্ষ্মীপাড়ায় নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি নিজ গ্রামে পৌঁছায়।
পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় সম্মানের সাথে শেষবিদায় জানাতে তাঁরা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসেননি। ফলে শেষ পর্যন্ত গার্ড অব অনার ছাড়াই বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়।
এই ঘটনায় গভীর আক্ষেপ প্রকাশ করে আব্দুস সাত্তারের ভাই মো. শাহজাহান বলেন, “আমরা চেয়েছিলাম আমার ভাইকে শেষ সম্মানটুকু জানিয়ে চিরবিদায় দিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। যে মানুষটি ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করল, সে তার প্রাপ্য সম্মানটুকুও পেল না।”
ঘটনাটি নিয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন শুক্রবার সন্ধ্যায় মুক্তকণ্ঠকে জানান, “আমরা গার্ড অব অনারের জন্য পুলিশ পাঠিয়েছিলাম এবং পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় পুলিশ একা গার্ড অব অনার দিতে পারেনি।”
শুক্রবার সন্ধ্যায় এই বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গার্ড অব অনার প্রদর্শন করা হয়। সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া হয় না। তারপরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ঢাকা থেকে লাশ আনা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বিধা ছিল। মাগরিবের পর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, তাই দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি জানতে পারলে আমরা অবশ্যই সেখানে উপস্থিত হতাম।”
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস মিয়া জানান, তাঁরা উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছিলেন এবং গার্ড অব অনার ও সশস্ত্র সালাম দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁদের জানিয়েছিলেন, “সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়ার নিয়ম নেই।”
এই পুরো বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার মুক্তকণ্ঠকে বলেন, “সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গার্ড অব অনার প্রদর্শন করা হয়। কিন্তু আমার প্রতিবেশী মারা গেলে আমি তো ঘরে বসে থাকব না। এ ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাঁর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন। তাঁরা মুক্তিযোদ্ধার পরিবারের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করবেন।”
জেলা প্রশাসক আরও জানান, ব্রাহ্মণপাড়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মন্ত্রিপরিষদ বিভাগ (ক্যাবিনেট) এবং বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।