এসআরবি-১০ এর অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১০২ কেজি গাঁজাসহ মো. সালাউদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা বলে সংস্থাটি জানিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ি এলাকায় অভিযান চালায়। ওই সময় মো. সালাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর কলেজ রোড এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।
এসআরবি-১০ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।