ভোলার পূর্ব ইলিশা এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানোর সময় প্রায় ১৬ লাখ টাকার সমমূল্যের ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িচালকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর মাইজদি ইউনিয়নের খলিলপুর গ্রামের নুরনবীর ছেলে নুরইসলাম (৩১) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল (১৯)।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত গাঁজা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "মাদক ও চোরাচালান প্রতিরোধসহ দেশের উপকূলীয় এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"