ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তায় আট হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও ট্রলারটি জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল তিনটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলার থামানো হয় এবং তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রলার থেকে অবৈধভাবে বহন করা সারগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের স্বার্থে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।