তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশের অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন ও সদস্য সচিব শরীফ হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নাঈমকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তেলের দাম বৃদ্ধির বিষয়ে নিজের মতামত তুলে ধরেন নাঈম। পোস্টে তিনি দীর্ঘদিনের সাংগঠনিক যাত্রায় সংগঠনের বিভিন্ন বিষয় ও কার্যক্রমের সঙ্গে তার ব্যক্তিগত মতামতের কিছুটা অমিল থাকার কথা উল্লেখ করেন। পাশাপাশি, ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না জানিয়ে তিনি সাধারণ সম্পাদক পদ এবং সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

পোস্টে তিনি সংগঠনের সহযোদ্ধা, বড় ভাই ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করার আশাব্যক্ত করেন। তবে উপজেলা ছাত্রদলের কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের প্রধান কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগই উল্লেখ করা হয়েছে।