ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের সাথে র্যাগিং এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ভিন্ন বিভাগের মোট ২৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই অপরাধে জড়িত আরও চার শিক্ষার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া যৌন হয়রানির গুরুতর অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এই শাস্তিমূলক পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বহিষ্কৃত ২৬ জনের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী রয়েছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিং করার দায়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ শিক্ষার্থী—শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর এবং অর্থ দাবি করার ঘটনায় ওই বিভাগের নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আবদুল কাইয়ুম, তারিক জামান ও মোফাজ্জল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মুজাহেদুল ইসলাম, সায়েম হাফিজ, আবদুল ফাত্তাহ ও নবী হোসেনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ওই বিভাগের আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
পৃথক একটি ঘটনায় যৌন হয়রানির অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘক্ষণ আটকে রাখা, মানসিক নির্যাতন করা, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল। এই ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে বিভাগীয় তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই ২৭৫তম সিন্ডিকেট সভায় ১৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিনিয়রদের ‘ম্যানার শেখানোর’ নামে শ্রেণিকক্ষে হস্তক্ষেপ, মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দিয়ে একাডেমিক তথ্য থেকে বঞ্চিত করা, ২৫ হাজার টাকা দাবি এবং মারধরের অভিযোগ ওঠে। বিভাগীয় তদন্ত শেষে র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে সংশ্লিষ্টদের বহিষ্কার ও সতর্ক করার সুপারিশ করা হয়।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে এক ছাত্রীর অভিযোগ ছিল যে, সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করেছে, অর্থ আদায় করেছে, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হোটেল বুকিং দিয়েছে এবং তাকে গর্ভপাত করাতে বাধ্য করেছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় তাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো চিঠি আকারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হবে।”