লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ডের অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করা হয়েছে। একই সাথে পাচারকারীদের ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে এই বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিমেন্টের মোট ওজন প্রায় ৩২ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।
আটককৃতরা হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার কাজির ট্যাক এলাকার শাহদাত হোসেন (৪০), একই উপজেলার রেহানিয়া গ্রামের ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২), ভোলার লালমোহন উপজেলার দলিগার নগর এলাকার আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বার উপজেলার ভূইয়ার হাট এলাকার জামসেদ (৩২)।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পণ্য ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "দেশের জলসীমায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"