ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড তাজা ১২ বোর শটগানের কার্তুজ উদ্ধার করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১০-এর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে লালবাগ ক্যাম্পের সিপিএসসি ইউনিটের একটি আভিযানিক দল ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার একটি পরিত্যক্ত স্থানে ফেলে রাখা অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।"
তিনি আরও জানান, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নাশকতা প্রতিরোধে এসআরবি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করছে। অবৈধ অস্ত্রের মজুত, পরিবহন ও ব্যবহার রোধে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি নিয়মিত অভিযান চালানো হচ্ছে।