ফরিদপুরের কোতোয়ালী উপজেলার কানাইপুর এলাকায় একটি পরিত্যক্ত আধাপাকা ভবন থেকে পুলিশের লুট হওয়া বলে সন্দেহভাজন গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।

তিনি জানান, ২৫ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে অবস্থিত পুরোনো আধাপাকা ভবনে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ভবনের ভেতর থেকে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল এবং সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে। তপন সরকার বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। এরপর থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালিয়ে আসছে এসআরবি-১০।"

উদ্ধারকৃত গোলাবারুদ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে এসআরবি-১০ জানিয়েছে।