বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে তেলচালিত বিদ্যুৎ উৎপাদন খরচ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা করা হয়েছে। আজ বুধবার রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের দাম এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে।"

এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে। তবে অন্তর্বর্তী সরকার এই ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি তেলের দাম ঘোষণা করে। এরপর থেকে নিয়মিত মূল্য সমন্বয় করছে বিইআরসি।

বিপিসির অধীনে থাকা সরকারি চার তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন নির্ধারিত দামেই ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ আগস্ট সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে সর্বশেষবার ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়। গত বছরের ২০ জানুয়ারি বিপিসি এবং পরবর্তীতে চারটি তেল বিপণন কোম্পানি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব পাঠায়। এক বছর পর গত ২৯ জানুয়ারি এই প্রস্তাবের বিষয়ে গণশুনানি আয়োজন করে বিইআরসি।