বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) তুরাগ নদীর একটি অংশ পরিদর্শন শেষে নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি নদী দখলকারীদের চিহ্নিত করে তালিকাভুক্ত করার এবং তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
মোহাম্মদপুরের বসিলা ব্রিজ থেকে শুরু করে আরজিয়া পর্যন্ত তুরাগ নদীর দখল ও দূষণের পরিস্থিতি সরেজমিনে দেখতে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এমপি খোকন এই পরিদর্শনে যোগ দেন।
এ সময় তিনি বলেন, "বাংলাদেশের প্রাণ হচ্ছে নদী। এটি অর্থনৈতিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে মানুষের জীবন-জীবিকার মূল চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ নিজের স্বার্থে নদীকে গলা টিপে হত্যা করছে।"
নদী ও পরিবেশের ক্ষতিসাধনকারীদের অপরাধীদের মতো থানায় বা উপজেলা পর্যায়ে তালিকাভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, "তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত।"
বর্তমান সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের কথা তুলে ধরে এমপি খোকন বলেন, প্রধানমন্ত্রী খাল খনন, নদী খনন ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমুখী নানা কর্মসূচি হাতে নিয়েছেন। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে নদী-নালা ও খালের পানি ব্যবহার করে কৃষিকাজ পরিচালনার লক্ষ্যেও সরকার কাজ করছে।
পরিবেশ রক্ষায় আন্দোলনকারী ও গবেষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "পরিবেশ আন্দোলনকর্মীদের কথা ও পরামর্শ যেন সরাসরি রাষ্ট্রপ্রধান ও পরিবেশ মন্ত্রণালয়ে পৌঁছায়, সে জন্য একটি আলোচনার সুযোগ তৈরির চেষ্টা করবেন।"
পরিবেশ রক্ষায় উপযুক্ত ব্যক্তিদের নিয়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।