সাইকেলে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পেরিয়ে ৬টি দেশ হয়ে পবিত্র হজ পালন করতে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাব উপজেলার তরুণ সজিব তালুকদার। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে নিজ বাড়ি থেকে রওনা হন তিনি। রাতে নরসিংদী শহরে অবস্থান করে পরদিন ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
সজিব বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে। ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি তার আগ্রহ। এইচএসসি পাসের পর এ আগ্রহ আরও বেড়ে যায়। ইতিমধ্যে সাইকেলে দেশের ৬৪ জেলা ঘুরেছেন এবং ১৭টি দেশ ভ্রমণ করেছেন। ভ্রমণের বিভিন্ন ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রকাশ করেন। এ কারণে ভ্রমণপ্রেমীদের কাছে তিনি ট্রাভেল ব্লগার হিসেবে পরিচিত।
তার পরিকল্পনা অনুযায়ী, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান ও কুয়েত হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন। এ জন্য কয়েকটি দেশের ভিসা সংগ্রহের কাজ চলছে বলেও জানান তিনি। ইতিমধ্যে তিনটি দেশের ভিসা পেয়েছেন। বাকি দেশগুলোর ভিসার জন্য সংশ্লিষ্ট দূতাবাসে ইমেইল করেছেন। যাত্রাপথেই সেগুলো পাওয়ার আশা করছেন।
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সাইকেলটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। সঙ্গে নিয়েছেন তাঁবু, খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা তার।
এই যাত্রার মাধ্যমে বিভিন্ন দেশে বাংলাদেশের পতাকা ও দেশের সুনাম তুলে ধরতে চান তিনি। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে পরিবেশের ক্ষতি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং জ্বালানিমুক্ত ও পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরারও ইচ্ছা রয়েছে তার। যাত্রা সফলভাবে শেষ করতে পারলে ভবিষ্যতে বিশ্বভ্রমণে বের হওয়ার পরিকল্পনাও রয়েছে।
সজিবের বন্ধু রাজন জানান, ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি সজিবের আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি সাইকেলে দেশের বিভিন্ন জেলা ঘুরেছেন। এবার পবিত্র উদ্দেশ্যে তার এই যাত্রা সফল হোক—এটাই তাদের প্রত্যাশা।
এলাকাবাসী মাওলানা রফিকুল ইসলাম বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সজিব সাইকেলে করে হজ পালনের নিয়ত করেছেন। অতীতে মানুষ পায়ে হেঁটে কিংবা জাহাজে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজে যেতেন। সজিবের এই ইচ্ছা পূরণে তারা দোয়া করছেন।
সজিবের বাবা সালাউদ্দিন তালুকদার জানান, ছেলের ভ্রমণের প্রতি আগ্রহ দেখে তিনি কখনো বাধা দেননি। সজিব দেশের বিভিন্ন জেলা সাইকেলে ঘুরেছেন। এবার হজ পালনের উদ্দেশ্যে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। তার ছেলে যেন নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ পালন শেষে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।
এ বিষয়ে বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি একটি অনন্য দৃষ্টান্ত। তার দীর্ঘ সফর সফল ও নিরাপদ হোক—উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কামনা করেন তিনি।