দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নরসিংদীর শিবপুর এলাকা থেকে এই কম্পনের উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে অবস্থিত শিবপুরে এই কম্পনটি বেশ অনুভূত হয় বলে জানা গেছে।
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ৩৬ কিলোমিটার নিচে ছিল। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন নরসিংদীর মাধবদীতে উৎপত্তিস্থল হয়ে রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৭। তারপর গত ২২ জুন নারায়ণগঞ্জ থেকে উৎপন্ন হয়ে নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। আর গত ১৭ আগস্টও শিবপুরই ছিল উৎপত্তিস্থল হয়ে নরসিংদীতে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প হয়েছিল।