চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে আট ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট হয়ে যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার শাহনগর এলাকায় দারগ আলী তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুর জানান, গভীর রাতে তার ঘরের তালা ভেঙে ঢুকে চোরের দল আলমিরার তালাও ভেঙে দেয়। এরপর তারা প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী তছনছ করে রেখে যায় অপরাধীরা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগ নিলে চোরের দল ঘরে প্রবেশ করে। তারা আলমিরার তালা ভেঙে সেখানে থাকা প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায় চোরের দল।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেন বলেন, "গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে চোরের দল ঘরে ঢুকে আলমিরার তালা ভেঙে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ঘরের জিনিসপত্রও তছনছ করে রেখে গেছে।"

উল্লেখ্য, এটি ফটিকছড়িতে সাম্প্রতিক সময়ে চুরির ক্রমিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এর আগে গত সোমবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির খবর পাওয়া গিয়েছিল।

এ ছাড়া গত শুক্রবার রাতে পাইন্দং ইউনিয়নের যুগিনীঘাটা এলাকায় নুরুল আলম ফোরম্যানের বাড়ির খোরশেদুল আলমের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ডাকাত দল সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, "চুরির ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"