নরসিংদী শহরের সেবাসংঘ এলাকায় এক ব্যক্তির ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্গাপূজা উদযাপনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী (৫০)। সেখান থেকে ফিরে এসে তিনি লক্ষ্য করেন, কারখানার জন্য জমিয়ে রাখা ৫০ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর ৮ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।
একটি ডাইং কারখানা স্থাপনের স্বপ্ন দেখেছিলেন সুখন চৌধুরী। এই উদ্দেশ্যে তিনি তাঁর গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন এবং ডাইং কেনার বিষয়ে চূড়ান্ত আলোচনাও সম্পন্ন হয়েছিল। জমি বিক্রির প্রাপ্ত ৫০ লাখ টাকা তিনি নরসিংদীতে ভাড়া বাসায় আলমারিতে রেখেছিলেন। এরপর দুর্গাপূজা পালন করতে তিনি গ্রামের বাড়িতে যান। কিন্তু পূজা শেষে ফিরে এসে তিনি দেখেন, পুরো বাসা তছনছ করা হয়েছে। আলমারি ভেঙে সেখান থেকে কারখানার জন্য রাখা ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার গায়েব হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার মালিকানাধীন একটি সাততলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে। সুখন চৌধুরী তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে গত পাঁচ বছর ধরে এই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কর্মরত। তাঁর স্থায়ী ঠিকানা নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রাম।
এই চুরির ঘটনায় গতকাল শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুখন চৌধুরী।
তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা এনে বাসায় রেখেছিলাম। ডাইং কেনার কথাবার্তাও ফাইনাল হয়ে গিয়েছিল। স্ত্রীর গয়নাগুলোও সেখানে ছিল। আমরা বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো এক সময় সব চুরি করে নিয়ে গেছে। একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’
সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজার কারণে গত রোববার দুপুরে তাঁরা নরসিংদীর বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে তাঁরা পুনরায় বাসায় ফেরেন। তবে চাবি থাকা সত্ত্বেও ফ্ল্যাটের দরজা খুলছিল না। তালা কাটার পর যখন দরজা খোলে না, তখন তাঁদের সন্দেহ হয়। এরপর বাসার পেছনের দিকে গিয়ে তাঁরা দেখতে পান, জানালার গ্রিল কাটা হয়েছে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দিলে ভেতরে ঢুকে দেখা যায়, ঘরের আসবাবপত্র ও জামাকাপড় সব ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এবং আলমারি ভাঙা। আলমারির ভেতরে রাখা আট ভরি স্বর্ণালংকার এবং কারখানার জন্য রাখা ৫০ লাখ টাকা সেখানে নেই।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন মুক্তকণ্ঠকে বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।