চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসীর বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ১১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকায় নুরুল আলম ফোরম্যানের বাড়িতে এই ডাকাতি হয়। গৃহকর্তা প্রবাসী খোরশেদুল আলমের বাসভবনে ঢুকে ডাকাতরা হামলা চালায়।

বাড়ির সদস্য জুবাইদুল ইসলাম জানান, রাতে আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে। ডাকাতরা দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের জিম্মি রেখে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালান। শেষ পর্যন্ত তারা সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির ঘরে রাখা আড়াই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।

জুবাইদুল ইসলাম আরও বলেন, ডাকাতরা পালানোর সময় বাড়ির পাশে একটি মানিব্যাগ এবং মুখ ঢাকার জন্য ব্যবহৃত গামছা ফেলে যায়, যা পরে উদ্ধার করা হয়।

অন্যদিকে, গৃহকর্তা প্রবাসী খোরশেদুল আলম বলেন, "ডাকাতরা ঘরে ঢুকে আমার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।"

এ বিষয়ে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"