রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ফুটপাতে বসে বিশ্রামরত এক নির্মাণশ্রমিককে দ্রুতগতির একটি প্রাইভেট কার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়।
এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "নির্মash্রমিক মেহেদী হাসান কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম করছিলেন। গাড়িচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে জনতা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাইভেট কারটিও আটক করা হয়েছে। ওই কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে জানিয়ে পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, "গাড়িটি ওই কিশোরের পরিবারের। গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে ফুটপাতে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনেন। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন। গাড়ির ডান পাশ থেকে অর্থাৎ চালকের আসন থেকে নেমে আসে কালো টি-শার্ট পরা এক কিশোর। অপর পাশ থেকে শার্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে নেমে আসতে দেখা যায়। আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দুজনই প্রাইভেট কারের পাশে যান। পরে ওই কিশোরকে সেখান থেকে এক দিকে সরে যেতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে।