চিত্রনায়িকা পরীমনি মধ্যরাতে ফেসবুক লাইভে এসে দাবি করেছেন যে, তিনি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার শিকার হয়েছেন। পুরো বিষয়টি অত্যন্ত পরিকল্পিত বলে তিনি মনে করছেন।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি অভিযোগ করে জানান, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষ হওয়ার পর হঠাৎ করে কেউ একজন চিৎকার করে আওয়াজ করেন। পরীমনির ভাষ্যমতে, ওই ব্যক্তি সম্পূর্ণ ‘অ্যাটাকিং মুডে’ ছিলেন। তিনি আরও জানান, তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এই পরিস্থিতির কারণে তিনি গাড়িতে উঠতে পারছেন না এবং বর্তমানে অনুষ্ঠানস্থলের ‘ব্যাকস্টেজে’ অবস্থান করছেন।
পরীমনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তিনি গুলশান থানায় ফোন করতে বাধ্য হয়েছেন এবং বর্তমানে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। লাইভে কথা বলার সময় তিনি নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন। এছাড়া অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেন যে, সেখানে উপস্থিত অন্যান্য শিল্পীরাও হেনস্তার শিকার হয়েছেন।
এই অরাজক পরিস্থিতির জন্য পরীমনি তাদের দায়ী করেছেন, যারা ‘ইয়োলো জার্নালিম’ করে এবং যারা ‘জার্নালিম’–এর নাম নিয়ে সন্ত্রাসীকাজ করে।
নিজের ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, “যদি তাঁর সঙ্গে কারও ক্ষোভ থাকে, তাহলে তাঁর সঙ্গে বসুক, তাঁর সঙ্গে বোঝাপড়া করুক।”