রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় রেডিমিক্স মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় ওপর থেকে পড়ে মেহেদী হাসান (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রাকে সহকারী হিসেবে কাজ করতেন।
আজ রোববার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদীর সহকর্মী মিজানুর রহমান জানান, সকালে ট্রাকের ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে পরিষ্কারের কাজ করছিলেন মেহেদী। হঠাৎ তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মেহেদী হাসানের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানায়। তাঁর বাবার নাম আবদুর রব। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করতেন।