রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেরা ধরেছেন একটি বিশাল বাঘাইড় মাছ। ওজন এ মাছের ৩৩ কেজি। পরে তা দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল টেনে তুলতে গিয়ে এই মাছটি পাওয়া যায়। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলে সোনাই হালদার কয়েকজন সহযোগীর সাথে মঙ্গলবার দুপুরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন স্থানে জাল ফেললেও তেমন সাফল্য না পেয়ে তারা পদ্মা ও যমুনার মোহনার দিকে যান। সেখানে জাল ফেলার পর বড় আকৃতির বাঘাইড় মাছটি দেখতে পান জেলেরা। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নেওয়া হলে ওজন করে ৩৩ কেজি পাওয়া যায়। মাছটি দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, "আড়তে মাছটি ওঠার পর উন্মুক্ত নিলামে অংশ নিয়ে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৫২ হাজার ৮০০ টাকায় মাছটি কিনেছি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।"

বাঘাইড় মাছ বাংলাদেশে সংরক্ষিত ও মহাবিপন্ন প্রজাতির বন্যপ্রাণী হিসেবে বিবেচিত। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সংরক্ষিত বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহন বা দখলে রাখা দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।