জ্বালানি খরচ কম হওয়ায় বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা ও ব্যবহার বেড়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে দীপাল ব্র্যান্ডের নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি এনেছে ডিএইচএস অটোস লিমিটেড। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ঘরানার ‘দীপাল এস০৫ পিএইচইভি’ মডেলের দাম ৪৯ লাখ ৫০ হাজার টাকা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভি মোডে গাড়িটি প্রতি কিলোমিটার পথ পাড়ি দিতে খরচ হয় মাত্র আড়াই টাকা। ফলে দৈনন্দিন জ্বালানি খরচ কমে যায়। বিদ্যুৎ ও জ্বালানির সমন্বয়ে একবারে ১ হাজার ২৩৪ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে গাড়িটি। তাই দীর্ঘ যাত্রায় জ্বালানি বা চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা করতে হয় না।
গাড়িটিতে ২৭ দশমিক ২৮ কেডব্লিউএইচ ক্ষমতার সিএটিএল ব্যাটারি রয়েছে। উন্নত ব্যাটারি প্রযুক্তির কারণে এটি দীর্ঘদিন ভালো থাকবে। শক্তিশালী মোটরযুক্ত বিলাসবহুল গাড়িটির বাহ্যিক নকশাও আকর্ষণীয়। গাড়িটি কিনলে ব্যাটারিতে ৮ বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিনা মূল্যে তিন বছরের সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে।