যৌথ বিনিয়োগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের উদ্যোগ নেওয়া যায় কি না, তা রাষ্ট্রায়ত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান–সম্পর্কিত কমিটি। এই বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব এবং বিস্তারিত উপস্থাপনা পরবর্তী বৈঠকে পেশ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির এক বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়। সরকারের বর্তমান বৈদ্যুতিক যানবাহন (ইভি) নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উক্ত বৈঠকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি, লাভ-লোকসানের হিসাব, বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার উপায় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি, বিএসইসির অধীনস্থ শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসানের প্রকৃত কারণ চিহ্নিত করে তা কমিয়ে আনতে প্রতিষ্ঠানভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মালিকানা সংক্রান্ত জটিলতা ও মামলা-মোকদ্দমার বিষয়গুলো নিরসন করা, অব্যবহৃত জমি ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার সম্ভাবনা যাচাই করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বৈঠকে বিএসএফআইসির অধীন বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা, আখের উৎপাদন বাড়ানো এবং কৃষকদের আখ চাষে উৎসাহিত করার বিষয়ে আলোচনা হয়েছে। দেশের চিনির চাহিদার তুলনায় দেশীয় উৎপাদন কম হওয়ায় চিনিকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে, বিসিকের অধীন ৮৪টি শিল্পনগরীর কার্যক্রম পর্যালোচনা করে যেসব শিল্পপ্লটে উৎপাদন বন্ধ রয়েছে অথবা কাঙ্ক্ষিত মাত্রায় পরিচালিত হচ্ছে না, সেগুলোর সমস্যা ও কারণ চিহ্নিত করে একটি বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও মোহাম্মদ কামাল হোসেন।