প্রযুক্তি বিশ্বে ব্যাপক কৌতূহল জাগিয়ে তোলা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবারট্রাক নিয়ে এখন অনিশ্চয়তা। এর ব্যতিক্রমী নকশা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকা সত্ত্বেও গাড়িটি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। গত কয়েক বছর ধরে বিক্রির পরিমাণ ক্রমাগত হ্রাস পাওয়ায় অবশেষে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টেসলা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী বছরের জুন মাস নাগাদ যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। মাস্কের অন্যতম উচ্চাভিলাষী এই প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তকে একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইলন মাস্ক উল্লেখ করেন যে, সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করে ওই কারখানায় স্বচালিত গাড়ি ‘সাইবারক্যাব’ তৈরির বিষয়ে বেশি গুরুত্ব দেবে টেসলা। তবে সাইবারট্রাকের উৎপাদন অন্য কোনো কারখানায় সরিয়ে নেওয়া হবে নাকি এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করেননি।
উল্লেখ্য, টেসলার গিগাফ্যাক্টরির বিশেষ সক্ষমতার কারণেই সেখানে সাইবারট্রাকের বিশেষ নকশার ভারী যন্ত্রাংশ তৈরি করা সম্ভব হয়। ফলে অন্য কোনো কারখানায় এই গাড়িটি উৎপাদন করা কার্যত অসম্ভব। এই প্রসঙ্গে এক্সে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে মাস্ক সাইবারট্রাককে টেসলার তৈরি ‘সেরা গাড়ি’ বলে অভিহিত করে লিখেছেন, “একটি যুগের অবসান”।
২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের হাতে সাইবারট্রাক পৌঁছে দিতে শুরু করে টেসলা। তবে গাড়িশিল্পের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করতে পেরেছে প্রতিষ্ঠানটি। এর আগের বছর ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ, মাত্র এক বছরের ব্যবধানে গাড়িটির বিক্রি কমেছে প্রায় ৪৮ শতাংশ। অথচ উৎপাদন শুরুর সময়ে বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির যে লক্ষ্যমাত্রা মাস্ক নির্ধারণ করেছিলেন, বাস্তবে তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি টেসলা।
এই পরিস্থিতি নিয়ে অ্যাস্টন মার্টিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি পালমার বলেন, “লক্ষ্যমাত্রা পূরণ না হলে উৎপাদন অব্যাহত রাখার কোনো অর্থ হয় না। গাড়িশিল্পের যেকোনো বিচক্ষণ ব্যক্তিই একই কথা বলবেন। টেসলার সামগ্রিক আর্থিক হিসাবের তুলনায় এই গাড়ির প্রভাব হয়তো খুব বেশি হবে না। তবে বিক্রির পরিসংখ্যানই সবকিছু স্পষ্ট করে দিচ্ছে।”
উন্মোচনের পর থেকেই সাইবারট্রাকের অদ্ভুত নকশা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। এমনকি উন্মোচন অনুষ্ঠানেও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন মাস্ক। গাড়ির জানালার মজবুতি প্রমাণ করতে তিনি যখন ধাতব বল ছুড়ে মারেন, তখন জানালার দুটি কাচেই বড় ধরনের ফাটল দেখা দেয়, যা বিশ্বজুড়ে হাস্যরসের খোরাক হয়েছিল।
নিরাপত্তার দিক থেকেও গাড়িটি সমালোচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, বাজারে আসার পর থেকে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে মোট ১১ বার সাইবারট্রাক প্রত্যাহারের ঘোষণা (রিকল) দিয়েছে টেসলা। এসব ত্রুটি সংশোধনের জন্য কিছু গাড়ি কারখানায় ফিরিয়ে নিতে হয়েছে এবং কিছু সমস্যা সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে দূর করা হয়েছে।