শরতের বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে বেতনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
গতকাল সোমবার বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতাটি শুরু হয় নদীর তীরবর্তী হাজীখালী গেট এলাকা থেকে। প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিযোগী নৌকার যাত্রা শেষ হয় সুপারিঘাটা ব্রিজ এলাকায়। নৌকাবাইচ ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। নৌকা যত এগিয়েছে, ততই বেড়েছে দুই পাড়ের মানুষের উচ্ছ্বাস।
এই নৌকাবাইচে মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো—আশাশুনি উপজেলার দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি দল, বামনডাঙা, তেঁতুলডাঙা ও টেংরাখালী। পয়েন্টের ভিত্তিতে দুটি দল প্রথম এবং দুটি দল দ্বিতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকেই পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম। সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহছান।
আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ধরে রাখা এবং এলাকার মানুষকে আনন্দ দিতেই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।