হেমন্তের আগমনে প্রকৃতি এখন সেজেছে সোনালি রঙের আভা। মাঠজুড়ে দুলছে সোনালি ধান, আর গ্রামবাংলায় শুরু হয়েছে আমন ধান কাটার ব্যস্ত মৌসুম। নতুন ধান ঘরে তোলার এই আনন্দ আর ঐতিহ্যের সাথে মিশে আছে বাঙালির চিরচেনা উৎসব নবান্ন। এক সময়ে কৃষকের আঙিনায় নতুন ফসল আসার এই খুশির জোয়ার পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ত। ঘরে ঘরে তৈরি হতো হরেক রকমের পিঠা-পায়েস, আর আত্মীয়স্বজনের মিলনমেলায় মুখরিত হতো গ্রাম। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিবেশীদের মাঝে চলত খাবার আদান-প্রদানের এক অনন্য সংস্কৃতি।

স্মৃতিচারণ করে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি গ্রামের কৃষক আনোয়ার হোসেন (৬৮) বলেন, ‘ধান উঠিলেই আগতে কত রকমের পিঠা হতো। পিঠার গন্ধে মনখান ভরে উঠিত। আর অ্যালা পিঠা হয় ঠিকই, কিন্তু আগের মতো স্বাদ আর আয়োজন নাই।’

সময়ের পরিক্রমায় নবান্নের সেই চিরাচরিত আয়োজন এখন অনেকটাই বদলে গেছে। গ্রাম থেকে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ঢেঁকি, কমেছে ঘরে ঘরে পিঠা তৈরির সেই ধুম। শুধু তাই নয়, গ্রামীণ খেলাধুলা এবং যাত্রাপালার মতো জনপ্রিয় বিনোদনগুলোও এখন বিলুপ্তির পথে। এর পাশাপাশি কৃষকদের বর্তমান অর্থনৈতিক সংকট উৎসবের আনন্দকে ম্লান করে দিচ্ছে। তবে কিছু রীতির মাধ্যমে এখনো নবান্নের অস্তিত্ব টিকে আছে। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক প্রদীপ রায়ের বাড়িতে দেখা যায়, উঠানে ধান মাড়াইয়ের কাজ চলছে। কাজের ফাঁকে তাঁর স্ত্রী সুমিত্রা রায়ের (৫৯) সাথে কথা বলে জানা যায়, উৎসবের বর্তমান পরিস্থিতি। তিনি বলেন, ‘নতুন ধানের পিঠা-পায়েস না খাইলে কি হয়? ছোটবেলা থেকেই নতুন চালের পিঠা খেয়ে আসছি। এখন কৃষকের হাতে টাকা থাকে না। তাই আগের মতো বাড়িতে বাড়িতে পিঠার আয়োজন হয় না। দু-একটা পিঠা বানিয়েই আয়োজন শেষ করতে হয়।’

একটা সময় ছিল যখন নতুন ধান ঘরে উঠলে কৃষকের প্রতিটি বাড়িতে আনন্দের পরিবেশ বিরাজ করত। নতুন চাল, গরুর দুধ এবং খেজুরের রস মিশিয়ে তৈরি হতো সুস্বাদু পায়েস ও ফিরনি। এই মিষ্টি খাবারগুলো শিরনি হিসেবে পাঠানো হতো স্থানীয় মসজিদ, মন্দির কিংবা দরগায়। পাশাপাশি জামাই এবং নতুন আত্মীয়দের আমন্ত্রণ জানানো হতো বিশেষ ভোজের জন্য। তবে বর্তমান সময়ে সেই আতিথেয়তা ও আয়োজন অনেকটাই সীমিত হয়ে এসেছে।

নবান্নের সেই দিনগুলোতে গ্রামের বধূদের ব্যস্ততা শুরু হতো চালের গুঁড়া তৈরির মাধ্যমে। সে সময় গ্রামগঞ্জে ধান পেষাইয়ের আধুনিক মেশিন ছিল না, তাই বাড়ির ঢেঁকিই ছিল চাল ভাঙার প্রধান মাধ্যম। ভোরবেলা থেকেই শোনা যেত ঢেঁকিতে চাল ভাঙার ছন্দময় শব্দ। পিঠা তৈরির জন্য চালের গুঁড়া করতে নারীদের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করতে হতো।

সেই পুরনো দিনের কথা মনে করেন সদর উপজেলার পাবনাপাড়া এলাকার গৃহিণী জলেশ্বরী রানী (৬৭)। তিনি জানান, নবান্নের সময় ভোর থেকেই চাল ভাঙার কাজ শুরু হতো এবং গুঁড়া করে বাড়ি ফিরতে দুপুর হয়ে যেত। তিনি আক্ষেপ করে বলেন যে, এখন আর ঢেঁকি নেই, মেশিনে চাল গুঁড়া করাতে হয়, কিন্তু পিঠার সেই আদি স্বাদ আর পাওয়া যায় না।

নবান্নের আকর্ষণ শুধু পিঠাপুলি আর পায়েসেই সীমাবদ্ধ ছিল না, মিষ্টান্ন তৈরিরও ছিল বিশেষ আয়োজন। তখন গ্রামগঞ্জে মিষ্টির দোকানের সংখ্যা ছিল খুব কম, তাই অধিকাংশ পরিবারেই ঘরে বসে নানা রকমের মিষ্টি তৈরি করা হতো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, একসময় আমন ধান কাটার আগের সময়টাতে গ্রামাঞ্চলের মানুষের অভাব-অনটন বেশি থাকত। কৃষক, দিনমজুর থেকে শুরু করে জমির মালিক—সবাই নতুন ধান ঘরে তোলার অপেক্ষায় থাকতেন। ধান উঠলেই তাঁদের ঘরে কিছুটা স্বস্তি ফিরত। কিন্তু এখন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকের সেই স্বস্তি কমেছে।

অধ্যাপক তুহিন ওয়াদুদ আরও উল্লেখ করেন যে, ফলে নতুন ফসল ঘরে তোলার আনন্দ থাকলেও আগের মতো উৎসবমুখর অনুভূতি দেখা যায় না এবং আয়োজনের ধরনও বদলে গেছে। অন্যদিকে, প্রবীণ শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মনতোষ কুমার দে মনে করেন, উৎসবহারা হয়ে বাঙালি সত্যিকার অর্থে প্রাণহীন একটি জাতিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের উচিত হবে, এই উৎসবকে ধারণ করে আমাদের এই জাতিকে প্রাণে উজ্জীবিত করে প্রাণ ধারণের শক্তিটাকে বাড়িয়ে তোলা।’