২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আজ সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর। ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন বা ভর্তির সম্মতি জানাতে হবে। কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করেন, তবে তার নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ৪ অক্টোবর। ঐ দিন নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ও মাদ্রাসায় ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে।
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হয়নি, মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে ব্যর্থ হয়েছে অথবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। প্রথম ধাপের মতোই এই ধাপেও শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ-মাদ্রাসায় আবেদন করতে হবে।
প্রথম ধাপে আবেদন করলেও কোনো কলেজ-মাদ্রাসায় সিলেকশন না পাওয়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ফি ২২০ টাকা ছাড় করা হয়েছে। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তিসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে কলেজ-মাদ্রাসা সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
এদিকে, প্রথম ধাপের আবেদন ও নির্বাচন প্রক্রিয়া শেষে এখন কলেজ ও মাদ্রাসায় ভর্তির কাজ চলছে। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চলবে। ভর্তি প্রক্রিয়া শেষে ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
প্রথম ধাপে চূড়ান্তভাবে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এবার একাদশ শ্রেণির মোট ভর্তিযোগ্য আসন ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এর মধ্যে প্রথম ধাপে মোট আসনের প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় এখনো প্রায় ৬৭ শতাংশ আসন খালি রয়েছে।
এবার কারিগরি সহসহিত ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে। তবে বর্তমান প্রক্রিয়ায় শুধুমাত্র কলেজ ও মাদ্রাসায় ভর্তির কাজ হচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ভর্তি কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হচ্ছে।