একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে। এই আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী ধাপের মতো এবারও শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। কলেজ মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে কলেজ নিশ্চায়ন করতে হবে। এ ধাপের ভর্তি কার্যক্রম ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি, তারা দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া, যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি বা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি, এবং যারা ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি, তাদেরও দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদনের সুযোগ থাকবে।