২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ও চূড়ান্ত ধাপে মোট ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

এ বছর প্রথম ধাপে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির মোট ভর্তিযোগ্য আসনের সংখ্যা ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি। এই পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, দ্বিতীয় ধাপের সকল আবেদনকারী যদি ভর্তিও হয়, তবুও এবার বিপুলসংখ্যক আসন খালি থাকবে।

এবার কারিগরি সহ মোট ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে।