ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) তার স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং নয়টি নতুন একাডেমিক বিভাগ চালুর জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে রাজধানীর মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী এলাকা, পূর্বাচল নতুন শহর বা অন্য কোনো সুবিধাজনক স্থানে ১০০ একর জমি বরাদ্দ দাবি করেছেন। এছাড়া জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও অনুরোধ জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশ অনুযায়ী রাজধানীর সাতটি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—এই বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসব কলেজে সংযুক্ত কলেজ হিসেবে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয় সংযুক্ত কলেজগুলো পরিচালনা করলেও, ভর্তি প্রক্রিয়ায় তা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উচ্চশিক্ষাকে বিশ্বমানের করা লক্ষ্যে নতুন বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। উপাচার্যের চিঠিতে উল্লেখ করা হয়, দেশের বর্তমান ও ভবিষ্যতের শ্রমবাজার, প্রযুক্তিগত রূপান্তর, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা, জলবায়ু অভিযোজন এবং অর্থনৈতিক চাহিদা বিশ্লেষণ করে নয়টি যুগোপযোগী বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বিভাগগুলোর মধ্যে রয়েছে: নার্সিং, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ব্লু ইকোনমি, বায়োইনফরমেটিকস অ্যান্ড সিস্টেমস বায়োলজি এবং জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং।

উপাচার্য বলেন, প্রতিটি বিভাগের পাঠ্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা ও আউটকাম বেজড এডুকেশন কাঠামো অনুসরণ করে প্রণয়ন করা হবে। কর্মমুখী বিশেষায়িত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে প্রশাসনিক অনুমোদন, প্রয়োজনীয় পদ সৃজন এবং অর্থ বরাদ্দেরও অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে রাজধানীর বারিধারা ডিওএইচএসে ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপাচার্য আরেকটি চিঠিতে শিক্ষা সচিবকে জানান, একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করার জন্য নিজস্ব স্থায়ী ক্যাম্পাস অপরিহার্য।

এ বিষয়ে মুক্তকণ্ঠকে অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘নয়টি বিভাগ চালু করতে সরকারের কাছে আবেদন জানিয়েছি। এগুলো ধাপে ধাপেও চালু হতে পারে। একইসঙ্গে ক্যাম্পাস স্থাপনের জন্য সরকারের কাছে ১০০ একর জমি চেয়ে আবেদন করেছি।’