শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে ডুবে রাইয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি প্রবাসী রুবেল ছৈয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাইয়ান বাড়ির সামনে খেলছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে রাইয়ানকে ভাসতে দেখলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর দাদা আব্দুর রফ ছৈয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, "সকালে বাড়ির পাশেই খেলাধুলা করছিল রাইয়ান। হঠাৎ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এভাবে আমার নাতি চলে যাবে, এটা কখনো কল্পনা করিনি। আমার প্রবাসী ছেলের কাছে এখন আমি কী জবাব দেব? সবার কাছে আমার নাতির জন্য দোয়া চাই।"

এদিকে, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ অরুন হাওলাদার জানান, পরিবারের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানান, ছোট শিশুদের প্রতি আরও সতর্ক ও নজরদারি রাখুন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক উল্লেখ করে তিনি অভিভাবকদের শিশুদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান।