কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে ডুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ গোপদিঘী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে একজন হলেন দক্ষিণ গোপদিঘী গ্রামের আব্দুল কাদেরের মেয়ে হাফিজা আক্তার (৫) এবং অন্যজন একই এলাকার জুয়েল মন্ডলের ছেলে অমিত মন্ডল (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। এ সময় সবার অজান্তে তারা পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় তাদের মিঠামইন উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।