নওগাঁর বদলগাছীতে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে তাকে অচেতন করে ঘরে ঢুকে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রায় দুই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিনা বেগম বাদি হয়ে বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একাই ছিলেন। বসতঘরের দরজা খোলা থাকার সুযোগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন। পরিনা বেগমের দাবি, ওই ব্যক্তি তার কপাল ও চোখে হাত দেওয়ার পর তিনি ঝিমিয়ে পড়েন এবং একপর্যায়ে চেতনা হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তি যা বলছিলেন, তিনি সেভাবেই চলছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা, রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের স্বাক্ষরিত দুটি ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধন সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান।

বিকেল পাঁচটার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অসংলগ্ন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশী শাহিনা বেগম, রওশন আরা ও শিফা আক্তারসহ স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"