চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যায়।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের মরহুম ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি গত চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরদৌসী খাতুন ওই গ্রামের মানিকের স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুরে ছকিনা খাতুন হাতিকাটা গ্রামে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসটির নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।