চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ থেকে ৬ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে কলেজ বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় কক্সবাজারমুখী লেনে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই নারীসহ চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।