চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা মো. ফেরদৌস আলম (৫৫), তার ছোট বোন মিমতাহ (১৭) ও বড় ভাই নিয়াজ মোর্শেদ (২২)। এছাড়া মৃত্যুবরণ করেন মাইক্রোবাস চালক মো. মুন্না।

নিহত ফেরদৌস আলমের আত্মীয় মো. ওমর ফারুক মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, "গতকাল রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে তাঁর পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। এ সময় পথে দুর্ঘটনাটি ঘটে।"

পুলিশ সূত্র জানায়, শিকলবাহা এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নিতে গিয়ে সামনে থেকে আসা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা অপর দুইজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।