ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের সাতপুকুরপাড় এলাকায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সাইফুল ইসলাম কালু (২৪) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন। নিহত ব্যক্তি উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় সাইফুল ইসলাম নিজের অটোরিকশা নিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সাতপুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডে জোরে ধাক্কা দেয়। প্রবল আঘাতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায় এবং তা তার গলায় ঢুকে যায়। ফলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করা হবে।