বিয়ের আনন্দঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই শোকের মাতম নেমে এসেছে এক পরিবারে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন, যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নববধূ ফাহিমের অটিজম আক্রান্ত ভাই মোর্শেদ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোন মিমতা, বড় মামা ফেরদৌস আলম এবং মাইক্রোবাস চালক মুন্না। তাদের সবার বাড়ি কক্সবাজারের ঈদগাহ এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কক্সবাজারের ঈদগাহ এলাকার প্রবাসী মনজুর আলমের মেয়ে ফাহিমের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় শুক্রবার রাতে অনুষ্ঠান সম্পন্ন হয়। কক্সবাজার থেকে তিনটি মাইক্রোবাসে করে প্রায় ৩০ থেকে ৪০ জন আত্মীয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে প্রথম দুটি গাড়ি গন্তব্যে পৌঁছে গেলেও, শেষ গাড়িতে থাকা ফাহিমের পরিবারের নিকটজনরা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
শনিবার রাত ২টার দিকে মইজ্জারটেক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মাইক্রোবাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কনের বাবা মনজুর আলম। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া কনের মা নিলুফা আক্তারও আহত হয়েছেন। চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
ফাহিমের মামাতো ভাই ইমন বলেন, "বিয়ের সব আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হয়েছিল। ভাবতেও পারিনি আনন্দ এভাবে বিষাদে রূপ নেবে। এক নিমেষে সব শেষ হয়ে গেল। আমি বিয়েতে যাওয়ার কথা ছিল। দুইদিন পর প্রবাসে কর্মস্থলে ফিরে যেতে হবে বলে যাইনি।"
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।