দিনের বেলায় ভাঙারি কেনার অজুহাতে এলাকায় ঘোরাফেরা করে সুযোগ খোঁজা এবং রাত হলে চুরির চেষ্টা করার অভিযোগে মাদারীপুরের কালকিনিতে আজিজুল ব্যাপারী (৩৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনাটি নিশ্চিত করেন স্থানীয়রা। জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার রমজানপুর ইউনিয়নের মহিষমারি গ্রামে একটি বাড়িতে চুরির চেষ্টা করাকালে স্থানীয়রা একজনকে আটক করেন। ওই সময় তার সঙ্গী সিয়াম নামের আরেক যুবক পালিয়ে যাওয়ার সুযোগ পান।

স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রাতে আজিজুল ও সিয়াম একটি বাড়িতে ঢুকে চুরির চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ এসে তাদের ধাওয়া করে। একপর্যায়ে আজিজুলকে আটক করা গেলেও সিয়াম পালিয়ে যায়। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুলকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সম্প্রতি মহিষমারি ও আশপাশের এলাকায় পাঁচটি অটোরিকশাসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর থেকেই রাতের বেলায় অপরিচিত লোকজনের চলাচলের বিষয়ে বাসিন্দারা সতর্ক ছিলেন।

আটকের পর আজিজুল স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত। তিনি বলেন, দিনের বেলায় ভাঙারি কেনার কথা বলে ভ্যান নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করেন। পরে সুযোগ বুঝে রাতে চুরির চেষ্টা করেন।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, এলাকাবাসী চোর সন্দেহে কয়েকজনকে ধাওয়া করে আজিজুল নামের একজনকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।