যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না, মূলত তাদের জন্যই সরকারি বরাদ্দে নির্মাণ করা হয়েছিল গুচ্ছগ্রামের ঘরগুলো। হতদরিদ্র মানুষের জন্য একটি স্থায়ী ঠিকানা নিশ্চিত করা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করাই ছিল এই আবাসন প্রকল্পের মূল লক্ষ্য। তবে চার দশক অতিবাহিত হওয়ার পর সেই স্বপ্নের অনেক কিছুই আজ ধুলোয় মিশে গেছে। যে ঘরগুলো একসময় ছিল অসহায়দের আশ্রয়ের প্রতীক, বর্তমানে সেগুলোই অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে, কোথাও টিনের চাল মরিচায় ধরেছে, কোথাও বেড়া ভেঙে পড়েছে, আবার কোথাও কোথাও ঘরের পুরো কাঠামোটিই হেলে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর ঝড় উঠলে বাসিন্দাদের বুক কাঁপে আতঙ্কে। অভিযোগ উঠেছে যে, সরকারি বরাদ্দের এই বেহাল দশাগ্রস্ত ঘরগুলো জোরপূর্বক লিখে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে মাদারীপুরের গুচ্ছগ্রামগুলোতে আশ্রয়ের স্বপ্ন এখন দীর্ঘমেয়াদী দুর্ভোগে পরিণত হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাদারীপুর জেলার পাঁচটি উপজেলায় মোট ১৫টি গুচ্ছগ্রাম রয়েছে। এই গুচ্ছগ্রামগুলোতে বসবাস করছেন প্রায় এক হাজার পরিবার। ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত এই আবাসন প্রকল্পের ঘরগুলোর বর্তমান করুণ দশা এবং অবৈধ দখল ও হাতবদল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে সরকারি এই উদ্যোগের প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অনেক হতদরিদ্র মানুষ। তাদের দাবি, কেবল আশ্রয় প্রদানই যথেষ্ট নয়, সেই আশ্রয়কে বসবাসের উপযোগী রাখার দায়িত্বও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
সরেজমিনে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর পাঙ্গাশিয়া গ্রামের গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ঘরগুলোর প্রতিটি চাল যেন অবহেলার সাক্ষ্য দিচ্ছে। কোনো কোনো ঘরের টিন ফুটো হয়ে গেছে, কোথাও বেড়া ভেঙে পড়েছে, আবার কোনো ঘরের কাঠামো অত্যন্ত নড়বড়ে হয়ে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি ঢুকে প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যায়। দীর্ঘ সময় ধরে সংস্কার কাজ না হওয়ায় অনেক ঘরই এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তা সত্ত্বেও বিকল্প কোনো আশ্রয় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এসব ঘরে দিন কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো।
বাসিন্দাদের অভিযোগ, নতুন ঘর নির্মাণ কিংবা পুরোনো ঘর সংস্কারের আশায় তারা জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের দরজায় বহুবার কড়া নেড়েছেন। কিন্তু বছরের পর বছর পার হয়ে গেলেও তাদের এই চরম দুর্দশা কাটেনি। ঘরের ভেতরে যেমন নিরাপত্তার অভাব, তেমনি ঘরের বাইরেও স্বস্তি নেই। গুচ্ছগ্রামে যাতায়াতের জন্য পর্যাপ্ত পাকা রাস্তা নেই। বর্ষা মৌসুম এলেই কাদাপানিতে চলাচলের পথ কঠিন হয়ে পড়ে। সন্ধ্যা নামলেই সড়কবাতির অভাবে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, যা নারী, শিশু ও বৃদ্ধদের চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি করে। স্থানীয়দের দাবি, শুধু চর পাঙ্গাশিয়া নয়, জেলার প্রায় প্রতিটি গুচ্ছগ্রামেই কমবেশি একই চিত্র বিদ্যমান।
২০ হাজার টাকার ঋণের বিনিময়ে হারালেন সরকারি আশ্রয়
গুচ্ছগ্রামের এই সামগ্রিক দুর্ভোগের পাশাপাশি সামনে এসেছে দখল ও হাতবদলের গুরুতর অভিযোগ। মাত্র ২০ হাজার টাকা ধার পরিশোধ করতে না পারায় বৃদ্ধা ফজিলা বেগমের সরকারি বরাদ্দের ঘর ও জমি জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল হাকিম হাওলাদারের বিরুদ্ধে।
কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা ফজিলা বেগমের পরিবারের অভিযোগ, ২০১০ সালে মাত্র ২০ হাজার টাকা ধার নেওয়ার পর তা পরিশোধ করতে না পারায় তার ঘর ও জমি লিখে নেওয়া হয়। অভিযোগের তীর তৎকালীন পৌরসভায় কর্মরত আব্দুল হাকিম হাওলাদারের দিকে। আশ্রয় হারিয়ে এরপর থেকেই গুচ্ছগ্রাম ছেড়ে অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন কাটাচ্ছেন ফজিলা বেগম। যে সরকারি ঘরটি ছিল তার শেষ সম্বল, সেটিও এখন আর তার দখলে নেই।
ফজিলা বেগমের ছোট ছেলে মো. হান্নান সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মা ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় হাকিম হাওলাদার সরকারের দেওয়া আমাদের ঘর ও জমি লিখে নেন। তিনি তখন পৌরসভায় চাকরি করতেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেওয়া হয়েছে। এখন আমাদের থাকার জায়গা নেই। আমরা সরকারের কাছে মায়ের জমি ফেরত চাই, পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তবে ফজিলা বেগমের পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল হাকিম হাওলাদার। তিনি বলেন, “আমি টাকা দিয়ে জমি ও ঘর কিনেছি। এ বিষয় নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। পরে আমি কাগজপত্র ঠিক করেছি। ফজিলা বেগমের ঘর বা জমি জোরপূর্বক দখল কিংবা দলিল করে নেইনি।”
অভিযোগ রয়েছে যে, একই গুচ্ছগ্রামের কবির নামের আরেক বাসিন্দার ঘর ও জমিও হায়াত নামে এক ব্যক্তি কিনে নিয়েছেন। অথচ সরকারি বরাদ্দের এসব জমি ও ঘর বিক্রি কিংবা হস্তান্তরের কোনো আইনি সুযোগ নেই। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত ভুক্তভোগীরা কোনো স্থায়ী সমাধান পাননি বলে অভিযোগ করেছেন তারা।
গুচ্ছগ্রামের বাসিন্দা চম্পা বেগম বলেন, “সরকার প্রায় ৪০ বছর আগে আমাদের একটি টিনশেড ঘর দিয়েছিল। সেই ঘর এখন ভেঙে গেছে, বসবাসের উপযোগী নেই। বৃষ্টি হলে ঘরের সবকিছু ভিজে নষ্ট হয়ে যায়। ঝড় হলে আতঙ্কে থাকতে হয়। আমরা সবাই নতুন ঘর চাই।”
আরেক ভুক্তভোগী শিপন বালী বলেন, “গুচ্ছগ্রামে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান করতে গেলেও জায়গা পাওয়া যায় না। জায়গার অভাবে পারিবারিক অনেক অনুষ্ঠান ঠিকভাবে আয়োজন করা সম্ভব হয় না। সরকার যদি পর্যাপ্ত জমিসহ বড় পরিসরে নতুন ঘর নির্মাণ করে দেয়, তাহলে এখানকার মানুষ উপকৃত হবে।”
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “সরকার ভূমিহীনদের বসবাসের জন্য ঘর ও জমি দিয়েছে। কিন্তু এসব জমি কখনোই বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়। যারা এ ধরনের কর্মকাণ্ড করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়াসহ গুচ্ছগ্রামের সমস্যাগুলো সমাধানে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”