মাসে ১৫ হাজার টাকা বেতনে চারজনের সংসার সামলাতেন ২২ বছর বয়সী সেলিম হাওলাদার। তাঁর আয়ের ওপরই সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন বৃদ্ধ বাবা-মা ও পরিবারের বাকি সদস্যরা। তবে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেলিম। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে এখন দিশেহারা তাঁর পরিবার। ছেলের চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে জমানো সব অর্থ, এখন সামনে সংসার চালানোর কোনো পথ দেখছেন না তাঁর বাবা-মা।

সেলিম ও তাঁর পরিবারের আদি বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে। তবে জীবিকার প্রয়োজনে প্রায় ২০ বছর আগে তাঁরা ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসতি স্থাপন করেন। পরিবারের অভাব দূর করতে সাভারের একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন সেলিম। মাসে ১৫ হাজার টাকা বেতন পেতেন তিনি এবং তাঁর এই উপার্জনেই চলত পরিবারের ছয় সদস্যের জীবন।

গত ৪ নভেম্বর কারখানার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন সেলিম। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেলিমের অকাল মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা রহিম হাওলাদার ও মা সেলিনা বেগম।

ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। বর্তমানে সংসার চালানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাঁরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

সেলিমের মা সেলিনা বেগম আর্তনাদ করে বলেন, “মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। এখন কী হইব জানি না। ছেলেকে হারানোর বিচার কি পাব আমরা। পাব না। সরকারও আমাগো দিকে তাকাইবে না। বৃদ্ধ বয়সে ভিক্ষা করা ছাড়া আমাগো আর কোনো গতি নাই।”

গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাতে সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আজ মঙ্গলবার সরেজমিনে সেলিমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন বাবা-মা। মা সেলিনা বেগম (৫৫) বারবার কান্নায় ভেঙে পড়ছেন। ছেলের স্মৃতি মনে করে বিলাপ করছেন বাবা রহিম হাওলাদারও (৬৫)। পুরো বাড়ির পরিবেশ শোকাতুর হয়ে উঠেছে এবং স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে আছে। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দিতে ভিড় করছেন।

পরিবারের সদস্যরা জানান, ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষ করে অন্য শ্রমিকদের সঙ্গে বাড়ি ফিরছিলেন সেলিম। সেই সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই বিশৃঙ্খলার একপর্যায়ে সেলিম মারধরের শিকার হন।

স্বজনদের অভিযোগ, পোশাক কারখানার অন্য শ্রমিকেরা সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।

সেলিমের বাবা রহিম হাওলাদার বলেন, “আমার ছেলে এভাবে মইরা যাইতে পারে না। এই শোক কিফিলে মানমু কন। সংসারে আয়ের একমাত্র ব্যক্তি ছিল আমার বাজানে। আমরা এখন কীভাবে বাঁচব, সংসার কীভাবে চলব, বুঝতে পারছি না।”

এই মর্মে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানান, “শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদার নিহতের ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তাঁর পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। পরিবারটি যদি সাহায্যের জন্য আবেদন জানায়, তাহলে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।”