তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা ঘোষণা দিয়েছেন যে, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে বা কাজ না করলে মজুরি ছাড়াই কারখানা বন্ধ রাখা হবে। মালিকপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে। এছাড়া আরও ৯২টি কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধ করার আইনি সুযোগ রয়েছে। এই ধারা প্রয়োগ করা হলে কারখানা বন্ধের দিনগুলোর জন্য শ্রমিকেরা কোনো মজুরি পান না, যা তাঁদের আর্থিক সংকট আরও বাড়িয়ে দেয়।
শিল্পমালিকদের এই পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন একাধিক শ্রমিকনেতা। তাঁদের মতে, অধিকাংশ শ্রমিকই কাজ করতে আগ্রহী এবং তাঁরা কোনো ধর্মঘটে অংশ নেননি। মালিকপক্ষ নিরাপত্তার অজুহাতে কারখানা বন্ধ করেছেন। এমন অবস্থায় মজুরি পাওয়া শ্রমিকদের মৌলিক অধিকার, যা বঞ্চিত হলে অসন্তোষ আরও তীব্র হতে পারে।
নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মুক্তকণ্ঠকে বলেন, “যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে ছিলেন না, তবে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে, সেসব কারখানাকে পুরো মজুরি দিতে হবে। এসব কারখানা ১৩(১) ধারায় বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। কারণ, শ্রমিকেরা কাজ করতে চেয়েছেন। নিরাপত্তার কারণে কারখানা ছুটি দিয়েছে মালিকপক্ষ।”
অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তীতে পুলিশ লাঠিপেটা এবং কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় চার ঘণ্টা পর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
মালিকপক্ষের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে, একদিকে কারখানায় ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ চলবে, আর অন্যদিকে মজুরি বোর্ডে আলোচনার যৌক্তিকতা কোথায়।
এই উত্তেজনাকর পরিস্থিতিতে গতকাল সকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের একটি যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব না হলে কারখানা বন্ধ রাখার বিষয়ে অধিকাংশ মালিক একমত হয়েছেন। তাঁরা আরও জানান, বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
পরবর্তীতে বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়, কাজ না করলে শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন মালিকেরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকেই এই ধারার প্রয়োগ শুরু হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অভিযোগ করেন, অরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার একটি প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। তিনি বলেন, “মজুরি বোর্ড হয়েছে গত ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। গত মাসে যা হয়েছে, সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে, তা কোনোভাবেই যৌক্তিক না।” তিনি আরও বলেন, “মজুরি বোর্ড গঠিত হয়েছে। সবচেয়ে জরুরি বিষয়, কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।”
বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, তৈরি পোশাক খাতের নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে চাইলেও কিছু বিপথগামী শ্রমিক বাইরের মহলের প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, যার ফলে সাধারণ শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন।
তিনি উল্লেখ করেন, চলমান অস্থিরতার কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, গতকাল সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। তবে ৯২টি কারখানা উৎপাদন চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এই ১৪৭টি কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে শ্রমিকদের আন্দোলন চলছে। এর প্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একটি প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, “কারা অরাজকতা করছে, সেটি চিহ্নিত করা বিজিএমইএর পক্ষে সম্ভব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি নিয়ে কাজ করছে। যারা এই অরাজকতা করছে, তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কের মধ্যে এসেছে।”
তিনি আরও বলেন, মালিকেরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ চলবে—একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন আছে। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে তাঁরা ১৬ নভেম্বরের (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেবেন। তিনি বলেন, “আমরা আশা করব, আগামী এক–দুই দিনে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। এরপরও যদি চলে, তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।”
বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা ছিল না। তিনি বলেন, মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার, বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রমিকনেতাদের দাবি, অসন্তোষ দমনে মালিকপক্ষ সব সময়ই বিনা মজুরিতে কারখানা বন্ধের কৌশল অবলম্বন করেন এবং পরবর্তীতে খুব সামান্য মজুরি বৃদ্ধির প্রস্তাব দেন। তাঁদের মতে, মালিকপক্ষ যদি উল্লেখযোগ্য হারে মজুরি বাড়ানোর সদিচ্ছা দেখান, তবে বাইরের কেউ সুযোগ নিতে পারবে না।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার মুক্তকণ্ঠকে বলেন, “কারখানা বন্ধ কখনো সমস্যার সমাধান হতে পারে না। এতে মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই ক্ষতি। তাই উভয় পক্ষকেই সহনশীল আচরণ করতে হবে।”
এদিকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেছিলেন। ওই দিন পুলিশের অ্যাকশনে কয়েকজন শ্রমিক আহত হন। বৃহস্পতিবার আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল শ্রমিকেরা পুনরায় বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়কে অবস্থান নেন।
অন্যদিকে, সাভারের আশুলিয়ায় ১৩(১) ধারায় কারখানা বন্ধের সংখ্যা বাড়ছে। আশুলিয়ার জিরাব পুকুরপাড় এলাকায় লোসাকা গ্রুপের দুটি কারখানা বন্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই গ্রুপের বেক নিট লিমিটেড কারখানায় অন্য কারখানার শ্রমিকেরা ইটপাটকেল ছুড়লে নিরাপত্তার কারণে ছুটি দেওয়া হয়। পরবর্তীতে নোটিশের মাধ্যমে বেক নিট ও তামাম ডিজাইন কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বেক নিটের এক নারী শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে বলেন, “আমাদের কারখানায় কোনো গ্যাঞ্জাম ছিল না। পাশের কারখানায় ঝামেলা ছিল। ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন আইসা আমাদের অফিসের গেট ভাঙছে, নিরাপত্তাকর্মীকে মারছে। এই কারণে বন্ধ রাখছে। অন্যদের কারণে আমরা ভোগান্তিতে পড়ছি।”
পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো নিয়ে কয়েক বছর পরপরই অসন্তোষ দেখা দেয় এবং আন্দোলনের মাধ্যমেই মজুরি বৃদ্ধি পায়। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, শ্রম পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় আলোচনা প্রয়োজন। পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের আলোচনা ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, মালিকদের একটি যৌক্তিক মজুরি প্রস্তাব নিয়ে আসতে হবে এবং দ্রুত আলোচনা শুরু করতে হবে।