রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় বৈদ্যুতিক কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চেয়ারম্যানবাড়ি কলেজ রোড এলাকার একটি অটোরিকশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই সজল শিকদার জানান, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি জাহাঙ্গীর সন্ধ্যায় ওই গ্যারেজে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কদমতলী থানাকেও অবহিত করা হয়েছে।
জাহাঙ্গীর শিকদারের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তাঁর বাবার নাম এসকেন্দার শিকদার। তিনি পরিবার নিয়ে কদমতলীর পূর্ব জুরাইনের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।