কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর এলাকায় ‘জাহীদ অটো রাইস মিল’-এর গোডাউনে বজ্রপাতের আঘাতে ভবনটি ধসে পড়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি চলাকালে জাহীদ অটো রাইস মিলের একটি ধানের গোডাউনে কড়কাড়ে শব্দ করে বজ্রপাত হয়। এরপরই গোডাউনের নিচে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে টিনের চালা ও দেয়াল ভেঙে গোডাউনটি সম্পূর্ণ ধসে পড়ে। আগুন, বৃষ্টি এবং আশপাশের পানিতে গোডাউনে থাকা সমস্ত ধান নষ্ট হয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোডাউন ধসে মিলের যন্ত্রাংশ, একটি মোটরসাইকেল ও কয়েক হাজার মণ ধানসহ অন্তত ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী বিপ্লব হোসেন বলেন, "বৃষ্টির সময় হঠাৎ গোডাউনে বজ্রপাত হয়। গোডাউনে থাকা সব ধান নষ্ট হয়ে গেছে। এটি অনেক বড় একটি গোডাউন ছিল, যেখানে এখনো প্রায় ৮-৯ হাজার বস্তা ধান রয়ে গেছে। আমার একটি মোটরসাইকেল গোডাউনের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পরপরই মিলের কার্যক্রম বন্ধ হয়ে যায়।"

জাহিদ অটো রাইস মিলের ম্যানেজার জানান, হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে টিন ও দেয়াল ভেঙে নিচে পড়ে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।

জাহিদ অটো রাইস মিলের স্বত্বাধিকারী জাহিদ মুক্তকণ্ঠকে বলেন, "দুপুরে বজ্রপাতের আঘাতে আমার ধানের গোডাউনটি ধসে পড়ে। সে সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। ধান, মোটরসাইকেল ও যন্ত্রাংশসহ অন্তত ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।"

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ মুক্তকণ্ঠকে বলেন, "বিষয়টি আমি কিছুক্ষণ আগে জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"