লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রের তোয়াক্কা না করেই টাঙ্গাইলে গড়ে উঠেছে একের পর এক রাইস মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এসব কারখানায় একদিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চাল ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, অন্যদিকে এসব প্রতিষ্ঠান থেকে নির্গত রাসায়নিক বর্জ্যের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আশপাশের ফসলি জমি। সংশ্লিষ্ট দপ্তরের যথাযথ নজরদারির অভাবে বর্তমানে জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে, জেলার এশিয়া মাল্টি এগ্রো ফুড নামক প্রতিষ্ঠানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ভেজাল চাল তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুডের মতো প্রতিষ্ঠানগুলো সরাসরি ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে। ফলে এসব কারখানা থেকে নির্গত রাসায়নিক বর্জ্যের কারণে বিস্তীর্ণ কৃষিজমি এখন ঝুঁকির মুখে। উদ্বেগের বিষয় হলো, এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই কোনো বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। খাদ্য উৎপাদনের মতো সংবেদনশীল কাজে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা বাধ্যতামূলক হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রগতি এগ্রো ফুড, স্বদেশ অটোমেটিক রাইস মিল ও কালিহাতী এগ্রো ফুড থেকে নির্গত বর্জ্য ও দূষিত পানি সরাসরি কৃষিজমিতে মিশে যাচ্ছে। এর ফলে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জমিতে ধানের গাছ পুড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই প্রয়োজনীয় লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র কিংবা বর্জ্য পরিশোধনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে শিল্পকারখানার দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও কৃষিজমি। অভিযোগ উঠেছে যে, পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি সিন্ডিকেট এই অবৈধ কারখানাগুলো পরিচালনার সুযোগ করে দিচ্ছে এবং এর বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তবে এসব গুরুতর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে নানা অসংগতি পরিলক্ষিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আনিসুর রহমান জানান, “কারখানার রাসায়নিক বর্জ্য ও দূষিত পানির কারণে জমিতে ধানের ফলন হচ্ছে না। যেটুকু ফসল উৎপাদিত হয়েছে, তারও বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে তাদের।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ক্ষতিপূরণ দিচ্ছেন না কারখানার মালিকরা।
আরেক কৃষক বেল্লাল হোসেন অভিযোগ করে বলেন, “এসব কারখানার অধিকাংশ লাইসেন্স নেই। পরিবেশ অধিদপ্তরের স্বজনপ্রিয়তা করে সংশ্লিষ্ট দপ্তর লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পরিবেশ অধিদপ্তরে মৌখিক জানানো হলেও কোন পদক্ষেপ নিচ্ছেন না। কৃষকদের ক্ষতিপূরণও দিচ্ছেন না কারখানার মালিকরা।”
পরিবেশের এই বিপর্যয় নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা বিন্তে লতিফ বলেন, “কারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক বর্জ্য ও কালো ধোঁয়ার কারণে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এসব বর্জ্যে থাকা সিসা, ক্যাডমিয়াম, পারদসহ বিভিন্ন ভারী ধাতু মাটিতে মিশে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে। ফলে মাটিতে উপকারী অণুজীবের কার্যকারিতা কমে যায়, গাছের শিকড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। এতে ফসলের ফলন কমে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে গাছ মারা যায়। পাশাপাশি কালো ধোঁয়ার বিষাক্ত উপাদান বাতাস ও পানির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ছে। এসব রাসায়নিক দূষিত পানি ও খাদ্যশস্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এভাবে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও মারাত্মক হুমকির মুখে পড়ছে।”
এই বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মইনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি দায়ভার পরিবেশ অধিদপ্তরের ওপর চাপিয়ে দেন। তার দাবি, পরিবেশ অধিদপ্তর থেকে প্রাথমিক অনুমোদন পাওয়ার পরই খাদ্য উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কোন কোন কারখানা অবৈধভাবে পরিচালিত হচ্ছে, তার একটি তালিকা দিতে বলেন তিনি এবং তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম জানান, “অভিযুক্ত কয়েকটি কারখানার বিষয়ে আমি অবগত আছি। এর আগে একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, রাইস মিল এশিয়া মাল্টি এগ্রো-র মালিক লুৎফর জানান, লাইসেন্সের প্রাথমিক অনুমোদনের জন্য তিনি পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেছেন। তবে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স হাতে না আসলেও প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বর্তমানে চালু রয়েছে।