কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে বজ্রপাতের শিকার হয়ে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি মাঠে সার ছিটানোর সময় হঠাৎ বজ্রপাতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হলেন স্বস্তিপুর গ্রামের মসজিদপাড়ার আব্দুল মান্নান প্রধানের ছেলে তুফা প্রধান (৩৫)। স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টিঝড়ের মধ্যে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের কৃষিজমিতে সার প্রয়োগ করছিলেন তিনি। এ সময় আকাশ থেকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথিমধ্যেই তাঁর জীবন শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবরটি পেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।