মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী পরীক্ষার্থীদের বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে। একটি গণমাধ্যমে 'বাসায় ডেকে পরীক্ষার্থীকে খাতায় লেখালেন পরীক্ষক' শিরোনামে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরই বোর্ড কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রউফ স্বাক্ষরিত আজ বৃহস্পতিবার জারি করা অফিস আদেশে জানানো হয়, পরীক্ষক সেকেন্দার আলী (রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক) ফোন করে পরীক্ষার্থীদের ডেকে টাকার বিনিময়ে খাতায় লিখে নম্বর বৃদ্ধি করেছেন মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।
এই অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।